তারেক রহমানের মন্ত্রিসভায় চমক সরদার সাখাওয়াত হোসেন বকুল
নতুন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদে যারা শপথ নেবেন তাদের ইতোমধ্যে টেলিফোন করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কারা নতুন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন সেই তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
তারেক রহমানের মন্ত্রিসভায় চমক হিসেবে যে কজনের নাম রয়েছে তাদের মধ্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল অন্যতম। তিনি জাতীয় রাজনীতির সঙ্গে খুব একটা পরিচিত নন। নরসিংদীর রাজনীতিতে তার দীর্ঘদিনের পথচলা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জাহাঙ্গীর আলম ৭৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন। প্রায় ৯০ হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন।
বকুল একজন সম্মুখসারির মুক্তিযোদ্ধা। তিনি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি। এ নিয়ে চারবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে জয়ী হন।

